| schema:text
| - সম্প্রতি, প্রধানমন্ত্রী তারেক রহমান বিদ্যুৎ বিলের সাথে প্রতিমাসে মিটার ভাড়া, সার্ভিস চার্জ, ডিমান্ড চার্জ বন্ধ করতে হবে বলেছেন এমন দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। ভিডিওতে তাকে এ বিষয়ে বক্তব্য দিতে দেখা যায়।
এরূপ দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রধানমন্ত্রীর বক্তব্য দাবিতে প্রচারিত ভিডিওটি আসল নয়৷ প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে ভুয়া এই ভিডিওটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে গণমাধ্যম বা কোনো নির্ভরযোগ্য সূত্রে আলোচিত দাবির পক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি। প্রধানমন্ত্রী যদি এমন কোনো বক্তব্য দিতেন, তবে তা দেশের মূলধারার গণমাধ্যমে গুরুত্বসহকারে প্রচারিত হতো। কিন্তু এ ধরনের কোনো তথ্য পাওয়া যায়নি। পাশাপাশি, তারেক রহমানের ফেসবুক পেজ কিংবা প্রধানমন্ত্রীর কার্যালয়ের ফেসবুক পেজেও এমন কোনো বক্তব্যের প্রমাণ মেলেনি।প্রচারিত ভিডিওটি যাচাই করতে গিয়ে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর ওয়েবসাইটে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনে ব্যবহৃত তারেক রহমানের ছবির সঙ্গে ভাইরাল ভিডিওটির দৃশ্যের মিল রয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল সংক্রান্ত একটি সভায় সভাপতিত্ব করেন। তবে প্রতিবেদনের কোথাও বিদ্যুৎ বিলের চার্জ সংক্রান্ত কোনো বক্তব্যের উল্লেখ পাওয়া যায়নি।
ভিডিওটি বিশ্লেষণ করে দেখা যায়, এতে কিছু অস্বাভাবিকতা রয়েছে যেমন মুখের নড়াচড়া ও ভিজ্যুয়াল অসঙ্গতি, যা সাধারণত এআই-নির্মিত কনটেন্টে দেখা যায়।
বিষয়টি আরও নিশ্চিত করতে ভিডিওটি ‘ডিপফেক-ও-মিটার’ নামক এআই কনটেন্ট শনাক্তকারী টুল দিয়ে পরীক্ষা করা হয়। বিশ্লেষণে দেখা যায়, ভিডিওটি এআই দ্বারা তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় ৮৯ শতাংশ।
অর্থাৎ, তারেক রহমানের একটি ছবি ব্যবহার করে এআই প্রযুক্তির মাধ্যমে ভিডিওটি তৈরি করা হয়েছে।
সুতরাং, বিদ্যুৎ বিলের সাথে মিটার ভাড়া, সার্ভিস চার্জ ও ডিমান্ড চার্জ বন্ধ প্রসঙ্গে প্রধানমন্ত্রীর বক্তব্য দাবিতে প্রচারিত ভিডিওটি এআই-নির্মিত।
তথ্যসূত্র
Deepfake-O-Meter
-
BSS: Govt. reconstitutes NICAR with PM Tarique Rahman in chair
-
Rumor Scanner’s Analysis
-
|