ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতের সময় গত ৩০ জানুয়ারি জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন ‘২৪ এর আন্দোলনের সময় ফেনীর মহিপালে নিহত শহীদ ওয়াকিল আহমেদ শিহাবের মা আফরোজা আক্তার। এরই প্রেক্ষিতে সম্প্রতি একজন মৃত ব্যক্তির ছবি প্রচার করে দাবি করা হয়েছে, ছবিটি শহীদ ওয়াকিল আহমেদ শিহাবের ছবি।
এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
এরূপ দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিটি ‘২৪ এর জুলাই-আগস্ট আন্দোলনে ফেনীর মহিপালে নিহত হওয়া ওয়াকিল আহমেদ শিহাবের ছবি নয় বরং, ‘২৪ এর জুলাই-আগস্ট আন্দোলনে যাত্রাবাড়ীতে নিহত হওয়া মো: আশরাফুল ইসলাম অন্তরের ছবিকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
আলোচিত ছবির বিষয়ে অনুসন্ধানে ‘২৪ এর জুলাই-আগস্ট আন্দোলনে নিহত হওয়া ব্যক্তিদের তথ্য সংবলিত ওয়েবসাইট ‘জুলাই শহীদ’ এ আন্দোলনে নিহত হওয়া ‘মো: আশরাফুল ইসলাম অন্তর’ এর বিষয়ে একটি পেজ পাওয়া যায়। পেজে অন্তরের ছবি দাবিতে নানা ছবি পাওয়া যায় যাতে আলোচিত ছবিটিরও সংযুক্তি পাওয়া যায়।
অন্তরের বিষয়ে বলা হয়, তিনি একজন ছাত্র ছিলেন এবং যাত্রাবাড়ীতে নিহত হন। ওয়েবসাইটটিতে ‘মো: ওয়াকিল আহমদ শিহাব’ এর নামেও একটি পেজ ও তার নানা ছবি পাওয়া যায়। তবে তাতে আলোচিত ছবির সংযুক্তি পাওয়া যায়নি।
এছাড়াও, জুলাই-আগস্টে ঘটা নানা ঘটনার দৃশ্য প্রচার করা ফেসবুক পেজ ‘July Revolutionary Alliance’ পেজের একটি পোস্টেও আলোচিত ছবির সংযুক্তি পাওয়া যায় যাতে ছবিটি মো: আশরাফুল ইসলাম অন্তরের বলা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে কোনো নির্ভরযোগ্য সূত্রে আলোচিত ছবিটি ওয়াকিল আহমেদ শিহাবের ছবি দাবিতে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।
সুতরাং, ‘২৪ এর জুলাই-আগস্ট আন্দোলনে ফেনীর মহিপালে নিহত হওয়া ওয়াকিল আহমেদ শিহাবের ছবি দাবিতে ‘২৪ এর জুলাই-আগস্ট আন্দোলনে যাত্রাবাড়ীতে নিহত হওয়া মো: আশরাফুল ইসলাম অন্তরের ছবি প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
July Shohid – মো: আশরাফুল ইসলাম অন্তর
-
July Shohid – মো: ওয়াকিল আহমদ শিহাব
-
July Revolutionary Alliance – Facebook Post
-
Rumor Scanner’s analysis
-