পহেলা বৈশাখে ঢাকার রমনায় পায়ুপথ থেকে ককটেল বের করার সময় আটক দুই তৌহিদি জনতা দাবিতে একটি ফটোকার্ড ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ফটোকার্ডে দুই ব্যক্তিকে আটকের ছবিও যুক্ত করা হয়েছে।
এরূপ দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, নববর্ষে রমনায় ককটেল নিয়ে আটক তৌহিদি জনতা দাবিতে প্রচার হওয়া দাবিটি সঠিক নয় এবং এ সংক্রান্ত ছবিটিও বাস্তব নয়। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকে সূত্রপাত হওয়া দাবিকে আসল খবর হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। প্রচারিত ছবিটিও এআই জেনারেটেড।
আলোচিত দাবিতে প্রচারিত পোস্টটি পর্যবেক্ষণ করে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট বিশ্বস্ত কোনো সূত্রেও আলোচিত দাবিতে কোনো সংবাদ বা তথ্য পাওয়া যায়নি।
উক্ত ফটোকার্ডের সূত্রপাত অনুসন্ধানে জানা যায়, ‘মবকন্ঠ। Mobkantha’ নামের একটি ফেসবুক পেজে গত ১৪ এপ্রিল আলোচিত ফটোকার্ডটি পোস্ট করা হয়। ‘মবকন্ঠ। Mobkantha’ পেজটি পর্যবেক্ষণ করলে পেজের ধরনে উল্লেখ পাওয়া যায়, ‘এটি একটি স্যাটায়ার ও প্যারোডি বা ব্যঙ্গানুকরণ পেজ।’
এছাড়াও, পেজটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এরূপ আরো অনেক ব্যঙ্গাত্মক পোস্ট পেজটিতে রয়েছে। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে, আলোচিত পোস্টটিও মূলত ব্যঙ্গাত্মক কনটেন্ট হিসেবেই তৈরি করা হয়েছে।
প্রচারিত ছবিটি এআই প্রযুক্তির সহায়তায় তৈরি কিনা তা জানতে রিউমর স্ক্যানার গুগলের বিশেষ শনাক্তকরণ প্রযুক্তি ‘SynthID’ ব্যবহার করে। গুগলের এই প্রযুক্তি এআই দিয়ে তৈরি ছবি, ভিডিও বা অডিওতে অদৃশ্য জলছাপ যুক্ত করে, যা খালি চোখে দেখা না গেলেও গুগলের নিজস্ব টুলের মাধ্যমে শনাক্ত করা যায়। সিন্থআইডি দিয়ে বিশ্লেষণ করে ছবিটি গুগল এআই দিয়ে তৈরি বা সম্পাদনা করা হয়েছে বলে নিশ্চিত হওয়া যায়।
সুতরাং, নববর্ষে রমনায় ককটেল নিয়ে আটক তৌহিদি জনতা দাবিতে প্রচার হওয়া দাবিটি মিথ্যা এবং এ সংক্রান্ত ছবিটি এআই জেনারেটেড।
তথ্যসূত্র
মবকন্ঠ। Mobkantha : Facebook Post
-