| schema:text
| - ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর একাধিক জেলায় ছড়িয়ে পড়েছে রাজনৈতিক সহিংসতা। দক্ষিণ ২৪ পরগনা থেকে শুরু করে বীরভূম, নদিয়া, হাওড়া, বাঁকুড়া রাজ্যের বিভিন্ন প্রান্তে খুন, হামলা, ভাঙচুর এবং দলীয় কার্যালয় দখলের অভিযোগে উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। এরই প্রেক্ষিতে নির্বাচনের পর পশ্চিমবঙ্গসহ ভারতজুড়ে সহিংসতার দৃশ্য দাবিতে একাধিক ছবির একটি কোলাজ ইন্টারনেটে বিভিন্ন প্লাটফর্মে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
উক্ত দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
উক্ত দাবিতে ইউটিউবে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)৷
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিগুলো সাম্প্রতিক পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভারতের বিভিন্ন স্থানে সংঘটিত সহিংসতা ও মুসমানদের ওপর আক্রমণের দৃশ্য নয়। প্রকৃতপক্ষে, ভিন্ন প্রেক্ষাপটের তিনটি আলাদা ঘটনার দৃশ্যকে সাম্প্রতিক পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকেন্দ্রীক সহিংসতার ঘটনা দাবিতে প্রচার করা হয়েছে৷
এ বিষয়ে অনুসন্ধানে প্রচারিত ছবিগুলো পৃথকভাবে যাচাই করেছে রিউমর স্ক্যানার।
ছবি যাচাই- ১
এ বিষয়ে অনুসন্ধানে Utkala Vibes নামক ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গত ০৫ মে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর দৃশ্যাবলীর সাথে আলোচিত কোলাজের প্রথম ছবিটির সাদৃশ্য রয়েছে।
উক্ত ভিডিওটির ক্যাপশন থেকে জানা যায়, ঘটনাটি ভারতের ওড়িশার রাজ্যের পুরি জেলার ঘটেছে যেখানে ভুক্তভোগী এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং বাইক দিয়ে চাপা দিয়ে হত্যার চেষ্টা করা হয়।
পরবর্তীতে, একই বিষয়ে ভারতীয় গণমাধ্যম Times Now এবং The Times of India এর ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, ঘটনাটি গত ০৩ মে গপুরির গোলাবাজার এলাকায় ঘটেছে এবং ভুক্তভোগী ব্যক্তির নাম মৃত্যুঞ্জয় ভারিমাল। এটি একটি পুরোনো ব্যক্তিগত শত্রুতার জেরে ঘটা অপরাধমূলক ঘটনা। পুলিশ ইতিমধ্যে অভিযুক্তদের গ্রেফতার করেছে।
অর্থাৎ, এটি ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন পরবর্তী সহিংসতার সাথে সম্পৃক্ত কোনো ঘটনা নয়।
ছবি যাচাই- ২
এ বিষয়ে অনুসন্ধানে ব্রিটেন ভিত্তিক গণমাধ্যম Bangla Post এর ওয়েবসাইটে গত ০৪ মে ‘থমথমে পশ্চিমবঙ্গ, বিজেপি-তৃণমূল কর্মীদের সংঘর্ষ’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে সংযুক্ত ছবির সাথে আলোচিত কোলাজের দ্বিতীয় ছবিটির সাদৃশ্য রয়েছে।
উক্ত প্রতিবেদনে ছবিটিকে কোনো হামলার ঘটনা হিসেবে উল্লেখ করা হয়নি। সেখানে ছবিটিকে মূলত সাম্প্রতিক পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন পরবর্তী সহিংসতা প্রতিরোধ করতে পশ্চিমবঙ্গ পুলিশের একটি সতর্কতামূলক টহলের দৃশ্য হিসেবে উল্লেখ করা হয়েছে।
অর্থাৎ, এটি ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন পরবর্তী সহিংসতার সাথে সম্পৃক্ত কোনো ঘটনা নয়।
ছবি যাচাই- ৩
এ বিষয়ে অনুসন্ধানে Hindutva Watch নামক ফেসবুক পেজে গত ২৯ এপ্রিল প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর একটি দৃশ্যের সাথে আলোচিত কোলাজের তৃতীয় ছবিটির সাদৃশ্য রয়েছে।
উক্ত ভিডিওটির ক্যাপশন থেকে জানা যায়, ঘটনাটি গত ২৬ এপ্রিল ভারতের উত্তরপ্রদেশের সন্ত কবির নগরের খলিলাবাদ এলাকায় ঘটেছে। সেখানে যুক্তরাজ্য-ভিত্তিক এক ধর্মগুরুর সাথে যোগসূত্র থাকা একটি মাদ্রাসার স্থাপনা অবৈধভাবে নির্মিত ছিল অভিযোগে কড়া পুলিশি পাহারায় সেটি ভেঙে ফেলা হয়। প্রশাসন জানায়, স্থাপনাটি সরকারি সম্পত্তি হিসেবে শ্রেণীবদ্ধ জমিতে নির্মিত হয়েছিল এবং এর কোনো বৈধ অনুমোদিত নকশা ছিল না বলে এ সম্পর্কিত আইনি আপিল খারিজ হওয়ার পর জানা যায়।
পরবর্তীতে, একই বিষয়ে ভারতীয় গণমাধ্যম The Indian Express এবং Hindustan Times এর ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে একই তথ্য জানা যায়।
অর্থাৎ, এটি ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন পরবর্তী সহিংসতার সাথে সম্পৃক্ত কোনো ঘটনা নয়।
সুতরাং, ভারতের পশ্চিমবঙ্গে সাম্প্রতিক বিধানসভা নির্বাচন পরবর্তী সহিংসতা ও মুসমানদের ওপর আক্রমণের দৃশ্য একাধিক ভিন্ন ঘটনার ছবি প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
Utkala Vibes – Instagram Post
-
Times Now – Odisha Youth Hacked With Fish-Cutter Then Run Over by Bike in Puri – VIDEO
-
The Times of India – Puri broad daylight attack: Man critically injured, police investigate past enmity
-
Bangla Post – থমথমে পশ্চিমবঙ্গ, বিজেপি-তৃণমূল কর্মীদের সংঘর্ষ
-
Hindutva Watch – Facebook Post
-
The Indian Express – UP begins demolition of UK-based preacher’s madrasa after court declares it ‘illegal’
-
Hindustan Times – Illegal madrasa linked to UK-based cleric razed in UP’s Sant Kabir Nagar
-
|