| schema:text
| - গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট। এদিন নির্বাচনে ৩০০টি আসনের মধ্যে ২৯৯টিতে ভোট গ্রহণ হয়। ১৩ ফেব্রুয়ারি ২৯৭ আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করে ইসি। এতে বিএনপি ও তাদের মিত্র দল ২১২টি আসনে জয়ী হয় এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী ও তাদের মিত্র দল ৭৭টি আসনে জয়ী হয়। ফল ঘোষণার পর থেকে নির্বাচনের কারচুপির অভিযোগ তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি দাবি ছড়িয়ে পড়েছে। বলা হচ্ছে, “পিরোজপুর-২ তে দেলোয়ার হোসেন সাইদির ছেলেকে মাত্র ৭০ ভোটে হারিয়ে দেওয়া হয়েছে। খুলনাতে মিয়া গোলাম পরোয়ারকে মাত্র ২০০০ ভোটে হারিয়ে দেওয়া হয়েছে। জামায়াত ৫ হাজারের কম ভোটে হেরেছে এমন আসনের সংখ্যা ৫৩ টি। মূলত এই ৫৩ টি আসনে কারচুপি করে হারানো হয়েছে জামায়াতকে।জামায়াত প্রকৃত পক্ষে ১৩৫ টি আসনে জিতেছে। কিন্তু ডিপ স্টেট সংখ্যা কমিয়ে ৭০-৮০ টি দিতে চাচ্ছে।”
এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
এছাড়াও, অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্যও আলোচিত দাবি তার ইউটিউব ভিডিওতে করেন।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, জামায়াত ৫ হাজারের কম ভোটে হেরেছে এমন আসনের সংখ্যা ৫৩টি নয়। প্রকৃতপক্ষে ৫ হাজারের কম ভোটের ব্যবধানে জয়-পরাজয় নির্ধারিত হয়েছে ২২টি আসনে। এর মধ্যে ১১ দলীয় জোট জিতেছে ১১টি আসনে এবং বিএনপি ও তাদের মিত্ররা জিতেছে ৯টি আসনে। ৫ হাজারের কম ব্যবধানে ১১ দলীয় জোট ৯ টি আসনে হেরেছে এবং বিএনপি জোট হেরেছে ১২টি আসনে। এছাড়াও, পিরোজপুর-২ আসনে শামীম সাঈদী মাত্র ৭০ ভোটে হারেননি বরং, ৮২৮৮ ভোটে হেরেছেন।
এ বিষয়ে অনুসন্ধানে রিউমর স্ক্যানার টিম জাতীয় দৈনিক প্রথম আলো ও সরকারি সংবাদমাধ্যম বাংলাদেশ সংবাদ সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত নির্বাচনের ২৯৭টি আসনের প্রতিটি আসনে জয়ী হওয়া ব্যক্তি ও দল এবং নিকটতম প্রতিদ্বন্দ্বীর পাওয়া ভোটের সংখ্যা নিয়ে একটি তালিকা তৈরি করে। এ তালিকা তৈরিতে গণমাধ্যম দুইটির পাশাপাশি রিটার্নিং অফিসারদের স্বাক্ষরিত প্রাথমিক বেসরকারি ফলাফলের বার্তা প্রেরণ শিটেরও সহায়তা নেওয়া হয়েছে।
তালিকা বিশ্লেষণ করলে দেখা যায়, ৫ হাজারের কম ভোটের ব্যবধানে জয়-পরাজয় নির্ধারিত হয়েছে ২২টি আসনে; এর মধ্যে ১১ দলীয় জোট জিতেছে ১১টি আসনে, বিএনপি ও তাদের মিত্ররা জিতেছে ৯টি আসনে, স্বতন্ত্র হিসেবে জিতেছেন ১ জন বিএনপির বিদ্রোহী প্রার্থী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের জিতেছেন ১ জন প্রার্থী।
সবচেয়ে কম ব্যবধান, ৩৮৫ ভোটের ব্যবধান, দেখা গেছে মাদারীপুর-১ আসনে। এ আসনে জয়ী হয়েছে ১১ দলীয় জোটের বাংলাদেশ খেলাফত মজলিস। যার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি।
এছাড়াও, ৫ হাজারের কম ব্যবধানে ১১ দলীয় জোট ৯টি আসনে হেরেছে, পক্ষান্তরে ৫ হাজারের কম ব্যবধানে বিএনপি জোট হেরেছে ১২টি আসনে। ৫ হাজারের কম ব্যবধানে ১১ দলীয় জোটের হারা ৯ টি আসন ও ভোট ব্যবধান: কক্সবাজার ৪ – ১৫৪৯, চট্টগ্রাম ১৪ – ১০২৬, ঢাকা ১৩ – ২৩২০, খুলনা ৫ – ২৬০৮, গাইবান্ধা ৪ – ৩০৩৪, ঢাকা ১০ – ৩৩০০, ঢাকা ১৭ – ৪৩৯৯, দিনাজপুর ৩ – ৪৫৮৯, দিনাজপুর ৫ – ৪৭০২।
৫ হাজারের কম ব্যবধানে বিএনপি জোটের হারা ১২ টি আসন ও ভোট ব্যবধান: মাদারীপুর ১ – ৩৮৫, সিরাজগঞ্জ ৪ – ৫৯৪, রাজশাহী ১ – ১৮৮৪, ঢাকা ১১ – ২০৩৯, রংপুর ৬ – ২৪২৫, নেত্রকোনা ৫ – ২৭৬৫, ঢাকা ৪ – ২৯২০, বাগেরহাট ১ – ৩২০৪, পাবনা ৩ – ৩২৬৯, ঢাকা ১৬ – ৩৩৬১, পাবনা ৪ – ৩৮০১, বরগুনা ১ – ৪১৪৬।
অর্থাৎ, ৫ হাজারের কম ব্যবধানে জয়-পরাজয় নির্ধারিত হওয়ার ক্ষেত্রে তুলনামূলকভাবে বিএনপির ক্ষতি বেশি হয়েছে।
উল্লেখ্য, কয়েকটি আসনে প্রথম আলো ও বাংলাদেশ সংবাদ সংস্থায় উল্লিখিত ভোট সংখ্যায় অমিল পাওয়া গেলে সে আসনগুলোর ফলাফল রিটার্নিং অফিসারদের স্বাক্ষরিত প্রাথমিক বেসরকারি ফলাফলের বার্তা প্রেরণ শিটের তথ্যানুযায়ী হিসাব করা হয়।
পাশাপাশি, দাবি করা হয়েছে, ‘পিরোজপুর-২ তে দেলোয়ার হোসেন সাইদির ছেলেকে মাত্র ৭০ ভোটে হারিয়ে দেওয়া হয়েছে।’ কিন্তু অনুসন্ধানে দেখা যায়, পিরোজপুর-২ আসনে প্রয়াত দেলোয়ার হোসেন সাঈদীর বড় ছেলে শামীম সাঈদী ৮২৮৮ ভোট হেরেছেন। দাঁড়িপাল্লা প্রতীকে শামীম সাঈদী পেয়েছেন ৯৬,৮৯৭ ভোট, পক্ষান্তরে উক্ত আসনে ধানের শীষ প্রতীকে জয়ী হওয়া আহম্মদ সোহেল মনজুর পেয়েছেন ১,০৫,১৮৫ ভোট।
প্রসঙ্গত, জাতীয় সংসদের জন্য জনগণের ভোটে ৩০০ আসনের জন্য সংসদ সদস্য নির্বাচন করা হলেও বিজয়ী প্রার্থীদের বিরুদ্ধে আদালতে মামলা চলমান থাকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) ও চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড ও সিটির দুই ওয়ার্ড) আসনের ফলাফল ঘোষণা স্থগিত রাখার সিদ্ধান্ত দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এবং জামায়াতের মনোনীত প্রার্থীর মৃত্যু হওয়ায় শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত করা হয়েছে। এতে করে ২৯৭টি আসনের ফলাফল পাওয়া যায়।
সুতরাং, জামায়াত ৫ হাজারের কম ভোটে হেরেছে এমন আসনের সংখ্যা ৫৩টি শীর্ষক দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
Prothom Alo – আসন ভিত্তিক ফলাফল
-
Bangladesh Sangbad Sangstha – আসন ভিত্তিক ফলাফল
-
Prothom Alo – পিরোজপুর ২
-
Preliminary unofficial result sheets signed by the returning officers
-
|