সম্প্রতি, ‘লক্ষ্মীপুরে অস্ত্রসহ জামায়াতের শীর্ষ সন্ত্রাসী আটক’ শিরোনাম সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘লক্ষ্মীপুরে অস্ত্রসহ জামায়াতের শীর্ষ সন্ত্রাসী আটক’ শীর্ষক দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, লক্ষ্মীপুরে ডাকাতির ঘটনায় ৯ জানুয়ারি যৌথ অভিযানে উপজেলা ছাত্রদল নেতা জায়েদ হোসেনসহ চারজনকে গ্রেপ্তারের ছবিকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ছবিটি রিভার্স সার্চ করে কয়েকটি স্থানীয় গণমাধ্যমে সংবাদটি পাওয়া যায়। এই ঘটনার সংবাদ দেখুন স্থানীয় সংবাদমাধ্যম Daily Lakshmipur-দৈনিক লক্ষ্মীপুর এবং Colours of lakshmipur লক্ষ্মীপুর বিচিত্রাতে।
প্রতিবেদনগুলো সূত্রে জানা যায়, লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জে সংঘটিত একটি ডাকাতির ঘটনায় ৯ জানুয়ারি র্যাব ও পুলিশের যৌথ অভিযানে উপজেলা ছাত্রদল নেতা জায়েদ হোসেন সহ চারজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে লুণ্ঠিত নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোন ও একটি অবৈধ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পুলিশের বরাতে প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত ৮ জানুয়ারি রাতে চরশাহী ইউনিয়নের তিতারকান্দি এলাকার একটি বাড়িতে ১০-১২ জনের ডাকাত দল হানা দিয়ে প্রায় ৩ লাখ ৬ হাজার টাকার মালামাল লুট করে। ঘটনার পর মামলা হলে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে। এই প্রতিবেদনে অভিযুক্ত রাজনৈতিক পরিচয় হিসেবে জামায়াতে ইসলামী বাংলাদেশের সাথে জড়িত থাকার কোনো তথ্য পাওয়া যায়নি। বরং ছাত্রদল সংশ্লিষ্টতার তথ্য উল্লেখ পাওয়া যায়।
সুতরাং, ‘লক্ষ্মীপুরে অস্ত্রসহ জামায়াতের শীর্ষ সন্ত্রাসী আটক’ দাবিতে প্রচারিত দাবিটি ভুয়া এবং ব্যবহৃত ছবিটি ভিন্ন ঘটনার।