| schema:text
| - সম্প্রতি, “নতুন নিয়মে ৪৫ দিন অসুস্থ থাকায় পূর্ন নির্বাচনের ঘোষণা” শিরোনামে বা তথ্যে আরটিভির ডিজাইন সংবলিত গত ১১ মে ও ১২ মে প্রকাশিত দুইটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
এছাড়া, তারেক রহমান “আজকের এমপি বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে-ঢাকা-৮ আসনের এমপি…” শীর্ষক পোস্ট দিয়েছেন দাবিতে একটি স্ক্রিনশটও প্রচার হতে দেখা যায়।
পাশাপাশি, “মির্জা আব্বাস ইন্তেকাল করায় ঢাকা ৮ আসনের এমপি হিসেবে নিযুক্ত করলেন নাসিরউদ্দিন পাটোয়ারীকে” দাবিতেও একটি ফটোকার্ড টিকটকে প্রচার হতে দেখা যায়।
আরটিভির ফটোকার্ড যুক্ত করে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, “নতুন নিয়মে ৪৫ দিন অসুস্থ থাকায় পূর্ন নির্বাচনের ঘোষণা” শিরোনামে গত ১১ ও ১২ মে আরটিভি কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি, এমনকি ঢাকা-৮ আসনে পুনঃনির্বাচনের কোনো ঘোষণাও আসেনি এবং নাসীরুদ্দীন পাটোয়ারীকে এমপি ঘোষণা কিংবা ঢাকা-৮ আসন নিয়ে নতুন সিদ্ধান্ত জানিয়ে তারেক রহমানও কোনো পোস্ট দেননি। প্রকৃতপক্ষে, গত ১১ মে প্রকাশির আরটিভির ফটোকার্ডটি ভুয়া এবং ১২ মে প্রকাশিত ফটোকার্ডটি ভিন্ন একটি ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে তৈরি করা হয়েছে। পাশাপাশি, মির্জা আব্বাসা মারা যাওয়ায় নাসীরুদ্দীন পাটোয়ারীকে এমপি ঘোষণা ও তারেক রহমানের পোস্ট করার দাবিগুলোও ভুয়া।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে এতে আরটিভির লোগো ও ওয়েবসাইটের ঠিকানা উল্লেখ থাকতে দেখা যায়। এরই সূত্র ধরে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজ এবং ওয়েবসাইট পর্যবেক্ষণ করে এমন কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি।
তবে, আলোচিত ফটোকার্ডগুলোর ডান দিকের নিচের অংশে একটি কিউআর কোড দেখা যায়। এরমধ্যে গত ১১ মে প্রকাশিত ফটোকার্ডটির কিউআর কোড কাজ না করলেও ১২ মে প্রকাশিত ফটোকার্ডটির কিউআর কোড স্ক্যান করলে ‘আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান’ শিরোনামের একটি সংবাদে নিয়ে যায়। উক্ত সূত্র ধরে আরটিভির ফেসবুক পেজ পর্যবেক্ষণ করলে গতকাল (১২ মে) একই শিরোনামে প্রচারিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়।
আরটিভির মূল ফটোকার্ডটিতে ‘আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান’ শীর্ষক বাক্য থাকলেও প্রচারিত ফটোকার্ডটিতে এর পরিবর্তে ‘নতুন নিয়মে ৪৫ দিন অসুস্থ থাকায় পূর্ন নির্বাচনের ঘোষণা’ শীর্ষক বাক্য লেখা হয়েছে। অর্থাৎ, আরটিভির এই ফটোকার্ডটি সম্পাদনা করেই আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডগুলো তৈরি করা হয়েছে।
এছাড়া, আরটিভি কর্তৃক প্রকাশিত ফটোকার্ডগুলোতে যে ফন্ট ব্যবহার করা হয় সেগুলোর সাথে তুলনামূলক বিশ্লেষণ করে দেখা যায়, আলোচিত ফটোকার্ডে ফন্টের সাথে অমিল রয়েছে।
অর্থাৎ, গত ১১ মে প্রকাশিত ফটোকার্ডটি ভুয়া এবং ১২ মে প্রকাশিত ফটোকার্ডটি ভিন্ন একটি ফটোকার্ড সম্পাদনা করে তৈরি করা হয়েছে।
এরপর, “মির্জা আব্বাস ইন্তেকাল করায় ঢাকা ৮ আসনের এমপি হিসেবে নিযুক্ত করলেন নাসিরউদ্দিন পাটোয়ারীকে” দাবিটির বিষয়ে অনুসন্ধান করে রিউমর স্ক্যানার টিম। অনুসন্ধানে জানা যায়, মির্জা আব্বাস মারা যাননি বরং তিনি মালয়েশিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং আগের চেয়ে সুস্থ আছেন।
এছাড়া, ঢাকা-৮ আসনে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটোয়ারীকে এমপি ঘোষণা করার সপক্ষে কোনো তথ্য গণমাধ্যম কিংবা নির্বাচন কমিশনের ওয়েবসাইট ও ফেসবুক পেজেও পাওয়া যায়নি।
অর্থাৎ, এই দাবিটিও সঠিক নয়।
পরিশেষে, ঢাকা-৮ নিয়ে নতুন সিদ্ধান্ত জানিয়ে তারেক রহমান কোনো পোস্ট করেছেন কি না সেবিষয়ে অনুসন্ধান করে রিউমর স্ক্যানার টিম। অনুসন্ধানে তারেক রহমানের ফেসবুক পেজে এসংক্রান্ত কোনো পোস্ট পাওয়া যায়নি। এছাড়া, তারেক রহমান এমন কোনো পোস্ট করলে তা গণমাধ্যমে ফলাও করে প্রচার হতো। কিন্তু, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড করে এমন কোনো তথ্য গণমাধ্যমেও পাওয়া যায়নি।
অর্থাৎ, উক্ত স্ক্রিনশটটিও ভুয়া।
সুতরাং, ঢাকা-৮ আসনে পুনর্নির্বাচন, নাসীরুদ্দীন পাটোয়ারীকে এমপি ঘোষণা কিংবা ঢাকা-৮ নিয়ে তারেক রহমানের পোস্ট দাবিতে প্রচারিত স্ক্রিনশট- সবগুলোই ভুয়া।
তথ্যসূত্র
Rtv- Facebook Page
-
Rtv- Website
-
Rtv- আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
-
Rtv- Facebook Post
-
Rtv- Photocards
-
Rtv- আগের চেয়ে সুস্থ মির্জা আব্বাস, ঈদের আগে দেশে ফেরার আশা পরিবারের
-
Jagonews- মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে যুবদল নেতারা
-
Nasiruddin Patwary- Facebook Page
-
NCP- Facebook Page
-
Election Commission- Website
-
Election Commission- Facebook Page
-
Tarique Rahman- Facebook Page
-
|