বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান মোসাদ্দেক আলী ফালু জিয়াউর রহমানকে উদ্দেশ্য করে ‘জিয়াউর রহমান দ্বারা আমি উপকৃত তিনি পৃথিবীর শ্রেষ্ঠ শাসক’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে জাতীয় দৈনিক কালের কণ্ঠের লোগো সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
ফেসবুকে প্রচারিত এমন ফটোকার্ড দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ‘জিয়াউর রহমান দ্বারা আমি উপকৃত তিনি পৃথিবীর শ্রেষ্ঠ শাসক। – মোসাদ্দেক আলী ফালু’ শিরোনামে কালের কণ্ঠ এমন কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, কালের কণ্ঠের ভিন্ন একটি ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে কালের কণ্ঠের লোগো ও প্রকাশের তারিখ হিসেবে ‘১৯ জানুয়ারি, ২০২৬’ উল্লেখ রয়েছে।
এরই সূত্র ধরে কালের কণ্ঠের ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত তারিখে আলোচিত শিরোনাম সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায় নি। এছাড়া কালের কণ্ঠের ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইটে উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
তবে, কালের কণ্ঠের ফেসবুক পেজে একই তারিখে ‘জিয়াউর রহমান সর্বকালের সর্বশ্রেষ্ঠ সৎ শাসক’ শিরোনামে একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়।
উক্ত ফটোকার্ডটি পর্যালোচনা করে আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের সঙ্গে এটির ছবি ও গ্রাফিক্যাল ডিজাইনের সাদৃশ্য লক্ষ্য করা যায়। তবে কালের কণ্ঠের মূল ফটোকার্ডটিতে ‘জিয়াউর রহমান সর্বকালের সর্বশ্রেষ্ঠ সৎ শাসক’ শিরোনাম থাকলেও প্রচারিত ফটোকার্ডটিতে এর পরিবর্তে ‘জিয়াউর রহমান দ্বারা আমি উপকৃত তিনি পৃথিবীর শ্রেষ্ঠ শাসক। – মোসাদ্দেক আলী ফালু’ শিরোনাম লেখা দেখা যায়। এছাড়াও লক্ষ্য করা যায়, আলোচিত ফটোকার্ডটির শিরোনামে ব্যবহৃত ফন্টের সাথে কালের কণ্ঠের প্রচলিত ফটোকার্ডে ব্যবহৃত ফন্টের পার্থক্যও দেখতে পাওয়া যায়।
অর্থাৎ, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে কালের কণ্ঠের ফটোকার্ডের শিরোনাম পরিবর্তন করে এবং ফটোকার্ডটিতে মোসাদ্দেক আলী ফালুর ছবি যুক্ত করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
পাশাপাশি মূল ফটোকার্ডের মন্তব্যের ঘর থেকে প্রাপ্ত প্রতিবেদনটি থেকে জানা যায়, জিয়াউর রহমানকে নিয়ে কালের কণ্ঠে প্রকাশিত এই মতামতটি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরীর লেখা। লেখাটির সাথে মোসাদ্দেক আলী ফালুর কোনো সংশ্লিষ্টতা নেই।
সুতরাং,‘জিয়াউর রহমান দ্বারা আমি উপকৃত তিনি পৃথিবীর শ্রেষ্ঠ শাসক। – মোসাদ্দেক আলী ফালু’ শিরোনামে কালের কণ্ঠের নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।
তথ্যসূত্র
Kaler Kantho Facebook Post
-
Kaler Kantho Website: জিয়াউর রহমান সর্বকালের সর্বশ্রেষ্ঠ সৎ শাসক
-
Rumor Scanner’s Analysis
-