| schema:text
| - গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ আসনে বিএনপি জোটের প্রার্থী নুরুল হক নুর জয়ী হয়েছেন। এরপর গত ১৭ ফেব্রুয়ারি প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন তিনি। এরই প্রেক্ষিতে, গত ১২ মার্চ টিকটকে একটি ভিডিও প্রচার করা দাবি করা হচ্ছে– নুরুল হক নুরের মন্ত্রিত্ব বাতিল করা হয়েছে।
টিকটকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, নুরুল হক নুরের মন্ত্রিত্ব বাতিলের দাবিটি সঠিক নয়। বরং, ভিন্ন ঘটনার একটি ভিডিও যুক্ত করে আলোচিত দাবিটি প্রচার করা হচ্ছে। প্রকৃতপক্ষে, শুরুতে তিনি দুইটি মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেও পরে দায়িত্ব কমিয়ে তাকে একটি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়।
শুরুতে আলোচিত দাবিটির বিষয়ে অনুসন্ধান করে রিউমর স্ক্যানার টিম। অনুসন্ধানে গত ১৪ মার্চ বণিক বার্তার ওয়েবসাইটে “মধ্যপ্রাচ্যে বাংলাদেশীদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে সরকার —প্রতিমন্ত্রী নুরুল হক নুর” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। সেখানে নুরুল হক নুরকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী হিসেবে পরিচয় দেওয়া হয়েছে।
পাশাপাশি, গত ১২ মার্চের পর একাধিক গণমাধ্যমে (১, ২, ৩) নুরুল হক নুরের পরিচয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রীই উল্লেখ করা হয়েছে।
অর্থাৎ, মন্ত্রিত্ব বাতিলের দাবিটি প্রচারের পরেও গণমাধ্যমের খবরে নুরুল হক নুরকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী হিসেবেই উল্লেখ করা হয়েছে।
এমনকি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েবসাইটেও নুরুল হক নুর উক্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে উল্লেখ রয়েছে।
পাশাপাশি, নুরুল হক নুরের মন্ত্রিত্ব বাতিল করা হলে তা গণমাধ্যমে স্বাভাবিকভাবেই সংবাদ আকারে প্রকাশ হতো। কিন্তু, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি।
এরপর, আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির বিষয়ে অনুসন্ধান করে রিউমর স্ক্যানার টিম। অনুসন্ধানে “Bangladesh Times” এর ফেসবুক পেজে গত ০৬ মার্চ প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওর মিল রয়েছে।
বাংলাদেশ টাইমস তাদের পোস্টের ক্যাপশনে বলা হয়েছে, এমপি ও মন্ত্রীদের কর্মশালা শেষে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রীর বের হওয়ার দৃশ্য এটি।
অর্থাৎ, উক্ত ভিডিওটি ভিন্ন ঘটনার পুরোনো।
উল্লেখ্য, নির্বাচনের পর নুরুল হক নুরকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এই দুই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল। পরবর্তীতে তার দায়িত্ব কমিয়ে তাকে কেবল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়।
সুতরাং, নুরুল হক নুরের মন্ত্রিত্ব বাতিল হওয়ার দাবিটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
Bonik Barta- মধ্যপ্রাচ্যে বাংলাদেশীদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে সরকার —প্রতিমন্ত্রী নুরুল হক নুর
-
TOB- ফ্যাসিবাদের পতন ঘটিয়ে নতুনভাবে দেশ গড়ার চেষ্টা চলছে : নুরুল হক নুর
-
Naya Diganta- মধ্যপ্রাচ্যের বাইরে শ্রমবাজার সম্প্রসারণে কাজ করছে সরকার : নুরুল হক নুর
-
Shomoyer Alo- মধ্যপ্রাচ্যের বাইরে শ্রমবাজার সম্প্রসারণে কাজ করছে সরকার : নুরুল হক নুর
-
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়- Website
-
Bangladesh Times- Facebook Post
-
|