| schema:text
| - সম্প্রতি “গাঁজা খাওয়ার স্বাধীনতা বিনষ্টকারীদের উচিৎ শিক্ষা দেবে বিপ্লবী জনতা: ফরহাদ মজহার” শিরোনামে জাতীয় দৈনিক কালের কণ্ঠ এর লোগো সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।
এরুপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, “গাঁজা খাওয়ার স্বাধীনতা বিনষ্টকারীদের উচিৎ শিক্ষা দেবে বিপ্লবী জনতা” শিরোনামে কালের কণ্ঠ কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। ফরহাদ মজহারও এমন মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, কালের কণ্ঠের ভিন্ন একটি ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে কালের কণ্ঠের লোগো রয়েছে এবং এটি প্রকাশের তারিখ ২৪ ফেব্রুয়ারি ২০২৬ উল্লেখ রয়েছে।
এরই সূত্র ধরে কালের কালের কণ্ঠের ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত তারিখে আলোচিত শিরোনাম সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া কালের কণ্ঠের ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইটে উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
তবে, কালের কণ্ঠের ফেসবুক পেজে একই তারিখে “৫ আগস্টে সরকার পতন, বদলায়নি রাষ্ট্রকাঠামো—বিজয় নাকি পরাজয়?” শিরোনামে একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়।
উক্ত ফটোকার্ডটি পর্যালোচনা করে আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের সঙ্গে কালের কণ্ঠের মূল ফটোকার্ডের গ্রাফিক্যাল ডিজাইনের সাথে এর সাদৃশ্য খুঁজে পাওয়া যায়। তবে কালের কণ্ঠের মূল ফটোকার্ডটিতে “৫ আগস্টে সরকার পতন, বদলায়নি রাষ্ট্রকাঠামো—বিজয় নাকি পরাজয়?” শিরোনাম থাকলেও প্রচারিত ফটোকার্ডটিতে এর পরিবর্তে ‘গাঁজা খাওয়ার স্বাধীনতা বিনষ্টকারীদের উচিৎ শিক্ষা দেবে বিপ্লবী জনতা: ফরহাদ মজহার’ শীর্ষক বাক্য লেখা হয়েছে।
অর্থাৎ, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে কালের কণ্ঠের ফটোকার্ডের শিরোনাম পরিবর্তন করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
মূল ফটোকার্ড সংবলিত কালের কণ্ঠের মন্তব্যের ঘরে পাওয়া গণমাধ্যমটির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, ফরহাদ মজহার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে ২৩ ও ২৪ ফেব্রুয়ারি কালের কণ্ঠে প্রকাশিত রাষ্ট্রপতির সাক্ষাৎকার ঘিরে রাজনৈতিক বিতর্ক, সাংবিধানিক ধারাবাহিকতা এবং গণঅভ্যুত্থানের পর রাষ্ট্রকাঠামো বদল না হওয়ার প্রসঙ্গে আলোচনা করেন। সেখানে গাঁজা, গাঁজা খাওয়ার স্বাধীনতা কিংবা এ সংক্রান্ত কোনো বক্তব্যের উল্লেখ পাওয়া যায়নি।
পাশাপাশি, আলোচিত দাবি সমর্থিত কোনো তথ্য অন্য কোনো গণমাধ্যমেও পাওয়া যায়নি।
সুতরাং, “গাঁজা খাওয়ার স্বাধীনতা বিনষ্টকারীদের উচিৎ শিক্ষা দেবে বিপ্লবী জনতা: ফরহাদ মজহার” শিরোনামে কালের কণ্ঠ এর নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।
তথ্যসূত্র
Kaler Kantho: Facebook Post
-
Rumor Scanner’s analysis
-
|