সম্প্রতি ‘শিবিরের যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম ও তার সহ কর্মীরা মিলে আমার ফুফুার রক কেটে দিলেন ঢাকা ফতুল্লায়’ শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে৷
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)৷
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি কোনো ছাত্রশিবির নেতা ও তার সহকারী কর্তৃক কোনো ব্যক্তির রগ কাটার ঘটনার দৃশ্য নয় এবং ঘটনাটি বাংলাদেশেও ঘটেনি। প্রকৃতপক্ষে, ২০২২ সালে ভারতের গুজরাটে তিন দুর্বৃত্তের একজন যুবকের ওপর হামলার ঘটনার সিসিটিভি ফুটেজকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে ভারত থেকে পরিচালিত Our Surat নামক ফেসবুক পেজে ২০২২ সালের ২৯ সেপ্টেম্বর প্রকাশিত আলোচিত ভিডিওটির অনুরূপ একটি ভিডিওচিত্র খুঁজে পাওয়া৷
উক্ত ভিডিওটির ক্যাপশন থেকে জানা যায়, ২০২২ সালের ২৬ সেপ্টেম্বর ভারতের গুজরাট রাজ্যের সুরাট শহরের বেদ রোডে ঘটনাটি ঘটে। সেখানে পূর্ব বিরোধের জেরে তিনজন যুবক ধারলো অস্ত্র দ্বারা এক যুবকের ওপর আকস্মিক হামলা করে দ্রুত পালিয়ে যায়। ঘটনাটির সিসিটিভি ফুটেজের ভিত্তিতে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়৷
পরবর্তীতে, এ বিষয়ে ভারতীয় গণমাধ্যম News18 ও Divya Bhaskar এ প্রকাশিত প্রতিবেদন সূত্রে জানা যায়, মদের ব্যবসা নিয়ে বিরোধের জের ধরে সুরাটের চক বাজার এলাকায় বেদ রোডে তিনজন ব্যক্তি প্যাডেল জাতীয় মারাত্মক অস্ত্র নিয়ে এসে বিপুল দাভী নামক এক ব্যক্তিকে মারাত্মকভাবে আক্রমণ করে পালিয়ে যায়। তবে, আক্রমণের সময় যারা আক্রমণ করতে এসেছিল তাদের কর্মকাণ্ড সিসিটিভিতে ধরা পড়ে। হামলার পর এই সমস্ত অভিযুক্ত পালিয়ে যায় এবং ভুক্তভোগীর অভিযোগের পুলিশ তদন্ত শুরু করে।
অর্থাৎ, প্রচারিত ভিডিওর ঘটনাটি বাংলাদেশে ঘটেনি।
উল্লেখ্য, প্রচারিত ভিডিওতে হামলারত ব্যক্তিকে ছাত্রশিবিরের ‘যুগ্ম সম্পাদক’ দাবি করা হলেও সংগঠনটির কমিটিতে এমন কোনো পদের অস্তিত্ব নেই।
সুতরাং, বাংলাদেশে ছাত্রশিবির নেতা ও তার সহকারী কর্তৃক এক ব্যক্তির রগ কাটার দৃশ্য দাবিতে ভারতের গুজরাটে পূর্বশত্রুতার জেরে হামলার ভিডিও প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
Our Surat – Facebook Post
-
News18 – Website
-
Divya Bhaskar – Website
-