সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার মেয়ে জাইমা রহমানের একটি ভিডিও প্রচার করা হয়েছে। ভিডিওতে জাইমা রহমান বলেন, “আমি জাইমা রহমান আওয়ামী লীগের সকল অঙ্গসংগঠনের সদস্যদের বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা নির্বাচনের সময় যেভাবে আমার আব্বুকে সহযোগিতা করেছেন এখনও এই খারাপ সময়ে সহযোগিতা করবেন। যেভাবে জামায়াত ও এনসিপির লোকেরা আমাদের আঁকড়ে ধরেছে তাতে আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য।”
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।
টিকটকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ভিডিওটি আসল নয় এবং জাইমা রহমান আওয়ামী লীগের কাছে এ ধরনের কোনো সহযোগিতাও চাননি। প্রকৃতপক্ষে, ভিডিওটি ডিপফেক প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ডয়চে ভেলের গত বছরের ৯ অক্টোবর প্রকাশিত একটি প্রতিবেদনে তারেক রহমানের একটি ছবি পাওয়া যায়। একইভাবে, জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিনের ওয়েবসাইটে একই বছরের ২৭ নভেম্বর প্রকাশিত একটি প্রতিবেদনে জাইমা রহমানের একটি ছবি পাওয়া যায়। উক্ত ছবিগুলোর সঙ্গে প্রচারিত ভিডিওটির দৃশ্যগত সাদৃশ্য রয়েছে। বিশেষ করে ব্যাকগ্রাউন্ড, পোশাক এবং ভিজ্যুয়াল উপাদানের মিল রয়েছে।
অর্থাৎ, উল্লিখিত দুটি স্থিরচিত্র ব্যবহার করেই আলোচিত ডিপফেক ভিডিওটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে আরও অনুসন্ধানে ভিডিওটি এআই কনটেন্ট শনাক্তকারী টুল Hive Moderation-এ বিশ্লেষণ করা হয়। এতে প্রাপ্ত ফলাফলে দেখা যায়, ভিডিওতে দেওয়া জাইমা রহমানের দেওয়া বক্তব্যটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় শতভাগ।
এছাড়া, মূলধারার গণমাধ্যম বা নির্ভরযোগ্য কোনো সূত্রে আলোচিত দাবির পক্ষে কোনো তথ্য বা সংবাদ পাওয়া যায়নি।
সুতরাং, তারেক রহমান ও জাইমা রহমান আওয়ামী লীগের কাছে সাহায্য চেয়েছেন এমন দাবিতে প্রচারিত ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে তৈরি একটি ডিপফেক ভিডিও।
তথ্যসূত্র
DW – Photo of Tarique Rahman
-
Bangladesh Pratidin – Photo of Zaima Rahman
-
Hive Moderation: Hive Detect AI
-