সম্প্রতি, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ‘যেখানে আমার মতামতের কোন মূল্যই দেওয়া হয় না। সেখানে থেকে আমি কি করবো। আমি রাজনীতি থেকে অবসর নিতে চাই।’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি তথ্য প্রচার করা হয়েছে।
ফেসবুকে প্রচারিত এমন পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজনীতি থেকে অবসর নেওয়া প্রসঙ্গে আলোচিত মন্তব্যটি করেননি। প্রকৃতপক্ষে, সময় টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বার্ধক্যের কারণে রাজনীতি থেকে অবসর নেওয়ার কথা জানালেও তার মতামতের মূল্য দেওয়া হয় না এমন কোনো মন্তব্য তিনি সেখানে করেননি।
অনুসন্ধানের শুরুতে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যালোচনা করে তাতে কোনো তথ্যসূত্রের উল্লেখ পাওয়া যায়নি। পরবর্তীতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফেসবুক পেজ পর্যালোচনা করেও আলোচিত দাবি সংবলিত কোনো পোস্টের সন্ধান পাওয়া যায়নি।
পরবর্তীতে অনুসন্ধানে সময় টিভির ইউটিউব চ্যানেলে গত ১৭ এপ্রিল অবসর চান মির্জা ফখরুল, বিএনপি মহাসচিব পদে আসছে নতুন মুখ শিরোনামে প্রচারিত একটি ভিডিওর সন্ধান পাওয়া যায়। সময় টিভিকে দেওয়া উক্ত সাক্ষাৎকারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, খুব শীঘ্রই বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হবে। কাউন্সিলে মহাসচিব পদে নতুন মুখ আসার কথা জানিয়ে তিনি বলেন, ‘আমার অনেক বয়স হয়ে গিয়েছে। অসুস্থ হয়ে গিয়েছি। এখন রাজনীতি থেকে অবসর চাই।’ তবে সাক্ষাৎকারের কোনো জায়গাতেই তাকে ‘যেখানে আমার মতামতের কোন মূল্যই দেওয়া হয় না। সেখানে থেকে আমি কি করবো।’ শীর্ষক মন্তব্যটি করতে শোনা যায়নি।
সুতরাং, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ‘যেখানে আমার মতামতের কোন মূল্যই দেওয়া হয় না। সেখানে থেকে আমি কি করবো। আমি রাজনীতি থেকে অবসর নিতে চাই।’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে প্রচারিত তথ্যটি মিথ্যা।