| schema:text
| - অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস “আমাদের অনেক ব্যর্থতা আছে, কিন্তু চেষ্টার কোনো কমতি ছিল না। যখনই কোনো ভালো উদ্যোগ নিয়েছি, তখনই বিএনপি তার বিরোধিতা করেছে। সর্বশেষ নেদারল্যান্ডসের DP World-এর সঙ্গে চট্টগ্রাম বন্দরের চুক্তি তাদের ষড়যন্ত্রের কারণে বাস্তবায়ন হলো না” শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে জাতীয় দৈনিক দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার লোগো সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
ফেসবুকে প্রচারিত এমন ফটোকার্ড দেখুন এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, চট্টগ্রাম বন্দর চুক্তি প্রসঙ্গে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের মন্তব্য দাবিতে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড এমন কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, নির্বাচন প্রসঙ্গে ড. ইউনুসের বক্তব্য নিয়ে নিয়ে প্রকাশিত দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের ভিন্ন ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তার সম্পাদনার মাধ্যমে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে কালের কণ্ঠের লোগো এবং এটি প্রকাশের তারিখ ১০ ফেব্রুয়ারি ২০২৬ উল্লেখ রয়েছে।
প্রাপ্ত তথ্যের সূত্র ধরে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের পেজ এবং ওয়েবসাইটে এ সংক্রান্ত কোনো ফটোকার্ড বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি। তবে, পত্রিকাটির ফেসবুক পেজে ১০ ফেব্রুয়ারি “আপনার একটি ভোট শুধু সরকার নির্বাচন করবে না, ১৭ বছরের নীরবতার জবাব দেবে: প্রধান উপদেষ্টা” শীর্ষক শিরোনামের একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়।
ফটোকার্ডটি পর্যালোচনা করে আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের ছবি ও গ্রাফিক্যাল ডিজাইনের সাথে এর সাদৃশ্য খুঁজে পাওয়া যায়। তবে আলোচিত ফটোকার্ডটিতে ‘আপনার একটি ভোট শুধু সরকার নির্বাচন করবে না, ১৭ বছরের নীরবতার জবাব দেবে: প্রধান উপদেষ্টা’ শীর্ষক বাক্যের পরিবর্তে ‘আমাদের অনেক ব্যর্থতা আছে, কিন্তু চেষ্টার কোনো কমতি ছিল না। যখনই কোনো ভালো উদ্যোগ নিয়েছি, তখনই বিএনপি তার বিরোধিতা করেছে। সর্বশেষ নেদারল্যান্ডসের DP World-এর সঙ্গে চট্টগ্রাম বন্দরের চুক্তি তাদের ষড়যন্ত্রের কারণে বাস্তবায়ন হলো না’ শীর্ষক বাক্য লেখা হয়েছে।
অর্থাৎ, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড এর এই ফটোকার্ডটি সম্পাদনা করেই আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
মূল ফটোকার্ড সংবলিত পোস্টটির কমেন্টে পাওয়া সংবাদ প্রতিবেদন থেকে জানা যায়, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ১৩তম সাধারণ নির্বাচন এবং ‘জুলাই জাতীয় সনদ’ বিষয়ে প্রস্তাবিত গণভোটকে সামনে রেখে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, ভয়কে পেছনে রেখে, সাহসকে সামনে এনে ভোটকেন্দ্রে যান। আপনার একটি ভোট শুধু একটি সরকার নির্বাচন করবে না; এটি ১৭ বছরের নীরবতার জবাব দেবে, বাধাহীন ফ্যাসিবাদের জবাব দেবে। ১০ ফেব্রুয়ারি দেওয়া এই ভাষণে তিনি দেশবাসীকে নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।
তবে এই প্রতিবেদনের কোথাও আলোচিত দাবি সমর্থিত কোনো তথ্য পাওয়া যায়নি।
সুতরাং, চট্টগ্রাম বন্দরের চুক্তি ইস্যুতে বিএনপির বিরুদ্ধে ড. মুহাম্মদ ইউনূসের মন্তব্য দাবিতে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।
তথ্যসূত্র
The Business Standard : Facebook Post
-
|