| schema:text
| - গত বছরের ১৮ ডিসেম্বর, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করার অভিযোগ তুলে ময়মনসিংহের পাইওনিয়ার্স নিটওয়্যারস (বিডি) লিমিটেড কারখানার কর্মী দিপু চন্দ্র দাসকে কারখানা থেকে ধরে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়। একপর্যায়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভাজকের একটি গাছে বিবস্ত্র করে ঝুলিয়ে মরদেহে আগুন ধরিয়ে দেওয়া হয়। এরই প্রেক্ষিতে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি কর্তৃক দিপু দাসের পরিবারের সাথে যোগাযোগের মুহূর্তের দৃশ্য দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন: এখানে, এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, শেখ হাসিনার নির্দেশে দীপু মনি কর্তৃক দিপু চন্দ্র দাসের পরিবারের সাথে যোগাযোগের মুহূর্তের দৃশ্য দাবিতে প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। প্রকৃতপক্ষে, এক পায়ে লিখে এইচএসসিতে জিপিএ ফাইভ পাওয়া যশোরের ঝিকরগাছার তামান্না আক্তার নুরাকে দীপু মনির ফোনে শুভেচ্ছা জানানোর মুহূর্তের ভিডিওকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে। এছাড়া, সর্বশেষ পাওয়া তথ্যমতে দীপু মনি এখনো কারাগারেই আছেন।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির কী-ফ্রেম রিভার্স সার্চের মাধ্যমে মাছরাঙা টেলিভিশনের ইউটিউব চ্যানেলে ২০২২ সালের ১৭ ফেব্রুয়ারি প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওতে দৃশ্যমান দীপু মনির ফোনালাপের মুহূর্তের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর দৃশ্যের মিল রয়েছে।
পরবর্তীতে, আলোচিত বিষয়ে বিস্তারিত অনুসন্ধানে অনলাইন সংবাদমাধ্যম ‘নিউজবাংলা২৪’ এর ওয়েবসাইটে ২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটির বিস্তারিত বিবরণী থেকে জানা যায়, যশোরের শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করা মেধাবী শিক্ষার্থী তামান্না আক্তার নূরাকে উৎসাহ দিতে শিক্ষামন্ত্রী দীপু মনি ফোন করে তার সঙ্গে কথা বলেন এবং পড়ালেখায় এগিয়ে যাওয়ার সাহস দেন। প্রচারিত ভিডিওটি মূলত এই ঘটনার প্রেক্ষিতেই ধারণ করা।
এছাড়া, বাংলাদেশ সংবাদ সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদন পর্যালোচনায়, দীপু মনির এখনো কারাগারে অবস্থানের প্রমাণ পাওয়া যায়।
সুতরাং, ২০২২ সালে যশোরে এক মেধাবী শিক্ষার্থীকে উৎসাহ দিতে দীপু মনির ফোনকলের ভিডিওকে সাম্প্রতিক সময়ে শেখ হাসিনার নির্দেশে দীপু মনি কর্তৃক দিপু চন্দ্র দাসের পরিবারের সাথে যোগাযোগের মুহূর্তের দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
BBC News Bangla: ভালুকায় হিন্দু যুবককে পিটিয়ে পুড়িয়ে হত্যা, কী ঘটেছিল সেখানে
-
Maasranga Television: পা দিয়ে লিখে জিপিএ ৫ প্রাপ্ত সেই তামান্নাকে শিক্ষামন্ত্রীর ফোন!
-
News Bangla 24: গোটা বাংলাদেশ তোমার সঙ্গে আছে: তামান্নাকে শিক্ষামন্ত্রী
-
BSS News: হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার সালমান, আনিসুল ও দীপু মনি
-
|