সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমান ঈদের সালামি দেওয়ার জন্য বিকাশ বা নগদ নম্বর চেয়েছেন দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।
ভিডিওটিতে তাকে বলতে শোনা যায়, “ছোট ভাই-বোন যারা আছেন তারা কমেন্টে বিকাশ অথবা নগদ নাম্বার দিন, ঈদের সালামি দিব ইনশাল্লাহ।”
এ দাবি সংবলিত পোস্টের মন্তব্য ঘরে অসংখ্য ফেসবুক ব্যবহারকারীকে তাদের বিকাশ ও নগদ নম্বর শেয়ার করতে দেখা গেছে।
দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ভিডিওটি আসল নয়। প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সহায়তায় নির্মিত একটি ভিডিওকে আসল দাবিতে প্রচার করা হয়েছে৷ উক্ত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যালোচনা করে দাবিটির পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যসূত্র পাওয়া যায়নি। গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট বিশ্বস্ত কোনো সূত্রেও এ বিষয়ে কোনো সংবাদ বা তথ্য প্রকাশিত হয়নি। এছাড়া, জাইমা রহমানের ভেরিফায়েড ফেসবুক পেজেও এমন কোনো বক্তব্য বা ভিডিও খুঁজে পাওয়া যায়নি।
পরবর্তীতে ভিডিওটি বিস্তারিতভাবে পর্যবেক্ষণ করলে কিছু অসামঞ্জস্যতা লক্ষ্য করা যায়, যা সাধারণত এআই-নির্মিত কনটেন্টে দেখা যায়। বিষয়টি আরও নিশ্চিত হতে এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম হাইভ ডিটেক্টরের মাধ্যমে ভিডিওটি পরীক্ষা করা হলে দেখা যায়, এটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় শতভাগ।
সুতরাং, ঈদের সালামি দেওয়ার জন্য জাইমা রহমান বিকাশ বা নগদ নম্বর সংগ্রহ করছেন দাবিতে প্রচারিত ভিডিওটি এআই ব্যবহার করে তৈরি।
তথ্যসূত্র
Rumor Scanner’s analysis
-