সম্প্রতি, ‘ব্রেকিং নিউজ সাধারণ মহিলারা রাজপথে নামার ঘোষণা দিল জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
উক্ত প্রতিবেদন প্রকাশ অবধি ভিডিওটি ৭ হাজারবার দেখা হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। প্রকৃতপক্ষে, ২০২২ সালে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ষষ্ঠ জাতীয় সম্মেলনের একটি পুরোনো ভিডিওকে বর্তমানের দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে জিটিভি নিউজের ইউটিউব চ্যানেলে ২০২২ সালের ২৭ নভেম্বর ‘আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে রাজপথে থাকবে নারীরা’ শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর শুরু থেকে ২৫ সেকেন্ড অংশের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ফুটেজের মিল রয়েছে।
এ বিষয়ে আরো অনুসন্ধান করে বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল ওয়েবসাইটে ২০২২ সালের ২৬ নভেম্বর প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, সেদিন ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ষষ্ঠ জাতীয় সম্মেলনের উদ্বোধন করেছিলেন শেখ হাসিনা।
এ বিষয়ে সেসময় অন্যান্য গণমাধ্যমগুলোতেও সংবাদ (১, ২) প্রকাশ করা হয়।
অর্থাৎ, প্রচারিত ভিডিওটি ২০২২ সালের।
সুতরাং, ২০২২ সালে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সম্মেলনের পুরোনো ভিডিওকে সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে মহিলারা রাজপথে নামার ঘোষণা দিয়েছেন দাবিতে প্রচার করা হয়েছে, যা বিভ্রান্তিকর।