সম্প্রতি, “সিলেট আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে নির্বাচন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল… এবারের নির্বাচনকে মানি না মানবো না বলে শত শত বিজিবি সেনাবাহিনীর সামনেই স্লোগান” শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন: এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সিলেট আওয়ামী লীগ ও দলটির অঙ্গসংগঠনের উদ্যোগে নির্বাচন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিলের নয়। প্রকৃতপক্ষে, আসন্ন নির্বাচনে ভোটকেন্দ্রে দায়িত্ব পালনের প্রশিক্ষণ উপলক্ষ্যে গত ৩১ জানুয়ারি হবিগঞ্জে বিজিবি কর্তৃক আয়োজিত একটি মহড়ার দৃশ্যকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ভিডিওতে ‘Channel 5’ শীর্ষক নাম ও লোগো’র থাকার সূত্র ধরে অনুসন্ধানে ‘Channel 5’ নামক ফেসবুক পেজে গত ৩১ জানুয়ারিতে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ২ মিনিট ৫৩ সেকেন্ড সময়ের দীর্ঘ এই ভিডিওটির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর দৃশ্যের মিল রয়েছে।
পরবর্তীতে অনুসন্ধানে, ‘Dinrat News’ নামক আরেকটি ফেসবুক পেজে একই তারিখে অর্থাৎ গত ৩১ জানুয়ারিতে প্রকাশিত ভিডিও খুঁজে পাওয়া যায়।
৩ মিনিট ২০ সেকেন্ড সময়ের দীর্ঘ এই ভিডিওটির ক্যাপশনে এটিকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নির্বাচনী মহড়ার দৃশ্য বলে উল্লেখ করা হয়েছে।
অর্থাৎ, প্রচারিত ভিডিওটি সিলেট আওয়ামী লীগ কিংবা দলটির অঙ্গসংগঠনের উদ্যোগে নির্বাচন বাতিলের দাবিতে কোনো বিক্ষোভ মিছিলের নয়, তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে।
সুতরাং, সিলেটের হবিগঞ্জে নির্বাচনে ভোটকেন্দ্রে দায়িত্ব পালনের প্রশিক্ষণ উপলক্ষ্যে বিজিবি কর্তৃক আয়োজিত একটি মহড়ার ভিডিওকে সিলেটে আওয়ামী লীগ কর্তৃক নির্বাচন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিলের দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
Channel 5: Facebook Video
-
Dinrat News: Facebook Video
-