সম্প্রতি, “বাংলাদেশ আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ সকল রাজবন্দির নিঃশর্ত মুক্তি এবং পুলিশ হত্যার বিচারের দাবিতে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের বিক্ষোভ মিছিল।” শীর্ষক ক্যাপশনে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের বিক্ষোভ মিছিলের নয়। প্রকৃতপক্ষে, প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভের ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ফেসবুক পেজে গত ১৯ এপ্রিল প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ফুটেজের মিল রয়েছে।
উক্ত ভিডিওর ক্যাপশনে দাবি করা হয়, এটি সেদিন রাজধানীর নয়াপল্টনে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের বিরুদ্ধে অব্যাহত কটুক্তির প্রতিবাদে নয়াপল্টনে স্বেচ্ছাসেবক দলের তাৎক্ষণিক বিক্ষোভ মিছিলের ভিডিও।
এছাড়াও একই দাবিতে গণমাধ্যমেও ভিডিওটি (১) প্রচার করা হয়।
এ বিষয়ে আরো অনুসন্ধান করে ঢাকা পোস্টের ওয়েবসাইটে গত ১৯ এপ্রিল প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, সেদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। মিছিলটি নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে নাইটেঙ্গেল মোড় ঘুরে বিক্ষোভ মিছিলটি ফের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। তাৎক্ষণিক এই বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান।
সেসময় এ বিষয়ে অন্যান্য গণমাধ্যমও সংবাদ প্রকাশ করে।
সুতরাং, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের বিক্ষোভ মিছিল দাবিতে স্বেচ্ছাসেবক দলের মিছিলের ভিডিও প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল – Facebook Post
-
Dhaka Post – প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
-