সম্প্রতি, ভারতে আশ্রিত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ঢাকার অবৈধ ক্যাসিনো ব্যবসার হোতা ও যুবলীগের সাবেক নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে জামিন মুক্তি দেওয়া হয়েছে দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রচার করা হয়েছে।
ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত দাবিতে প্রচারিত আদালত চত্বরের ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। এছাড়াও ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের জামিন মুক্তি পাওয়ার দাবিটিও সত্য নয়। প্রকৃতপক্ষে, ২০২৩ সাল থেকে ইন্টারনেটে বিদ্যমান ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
আলোচিত দাবিটির বিষয়ে অনুসন্ধান গণমাধ্যম কিংবা অন্যকোন নির্ভরযোগ্য সূত্রে সাম্প্রতিক সময়ে ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের জামিনে মুক্তি পাওয়ার তথ্য পাওয়া যায়নি। তবে গতবছরের ২৮ অক্টোবর দ্য ডেইলি স্টারের ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, সেদিন বিশেষ ট্রাইব্যুনালে সম্রাটকে অস্ত্র মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।
এছাড়াও অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনার নির্দেশে বর্তমান প্রশাসনের সম্রাটকে জামিন মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার দাবিটিও ভিত্তিহীন।
পরবর্তীতে আলোচিত ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে একই ভিডিওর একটি বর্ধিত সংস্করণ ২০২৩ সাল থেকে ইন্টারনেটে প্রচারিত হতে দেওয়া যায়। প্রচারিত ভিডিওটির শিরোনাম ও ভিডিওতে দাবি করা হয়, সেদিন আদালত শেষবারের মত তার চার্জ শুনানির তারিখ পরিবর্তন করেন।
অর্থাৎ, ভিডিওটি কবেকার সেটি নিশ্চিত না হওয়া গেলেও এটি নিশ্চিত হওয়া গিয়েছে এটি সাম্প্রতিক সময়ের কিংবা তার জামিন মুক্তি পাওয়ার কোনো ঘটনার নয়।
সুতরাং, শেখ হাসিনার নির্দেশে যুবলীগের সাবেক নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে জামিনে মুক্তি দেওয়ার দাবিটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
The Daily Star Website: সম্রাটকে অস্ত্র মামলায় যাবজ্জীবন কারাদণ্ড
-
Suo Moto Won Youtube Channel: আদালতে ইসমাইল চৌধুরী সম্রাট। শেষ বারের মত চার্জ শুনানির সময় পেলেন সম্রাট।
-
Rumor Scanner’s Analysis
-