| schema:text
| - চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি মোহাম্মদ পারভেজের ছবি ব্যবহার করে তাকে উদ্ধৃত করে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফটোকার্ডে দাবি করা হয়, তিনি বলেছেন, “যারা ছাত্রীসংস্থার মেয়ে বিয়ে করবে, তারা জান্নাতে হুর বিয়ে করেছে এমন ফিল পাবে।”
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে, এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত মন্তব্যটি মোহাম্মদ পারভেজ করেননি। প্রকৃতপক্ষে, তার অন্য একটি মন্তব্যসংবলিত ফটোকার্ড সম্পাদনা করে আলোচিত বক্তব্য তার নামে ছড়িয়ে দেওয়া হয়েছে।
প্রাথমিক পর্যবেক্ষণে ফটোকার্ডটিতে ‘Zero Point’ নামের লোগো ও ১৭ মে ২০২৬ তারিখ দেখা যায়। এ সূত্র ধরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ভিত্তিক ফেসবুক পেজ ‘Zero Point’ খুঁজে পাওয়া যায়। তবে পেজটিতে আলোচিত মন্তব্যসংবলিত কোনো ফটোকার্ড পাওয়া যায়নি।
তবে ১৭ মে প্রকাশিত একটি ফটোকার্ডের সঙ্গে আলোচিত ফটোকার্ডের মিল পাওয়া যায়। ওই ফটোকার্ডে পারভেজের ছবি ও অন্যান্য উপাদান একই থাকলেও শিরোনামে ভিন্ন বক্তব্য দেখা যায়। সেখানে তাকে উদ্ধৃত করে লেখা হয়েছে, “ছাত্রলীগ হয়ে উঠার খায়েশ জাগছে! ষোল বছরের দানবসম ছাত্রলীগকেই পিটিয়ে দেশছাড়া করেছে শিক্ষার্থীরা, আর তোমরা তো অতি নিম্নমানের।” শিরোনাম অনুযায়ী, মন্তব্যটি ডুয়েটে উপাচার্যের যোগদান ঘিরে সংঘর্ষের প্রেক্ষাপটে করা।
অর্থাৎ, তার মূল মন্তব্যসংবলিত ফটোকার্ড সম্পাদনা করে ভিন্ন বক্তব্য যুক্ত করে নতুন ফটোকার্ড তৈরি করা হয়েছে।
এ বিষয়ে মোহাম্মদ পারভেজের সঙ্গে যোগাযোগ করলে তিনি রিউমর স্ক্যানারকে জানান, মূল ফটোকার্ডের মন্তব্যটি তিনি করলেও ছাত্রীসংস্থাকে জড়িয়ে আলোচিত মন্তব্যটি তিনি করেননি।
সুতরাং, চবি শিবির সেক্রেটারি মোহাম্মদ পারভেজকে উদ্ধৃত করে ছাত্রীসংস্থাকে জড়িয়ে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।
তথ্যসূত্র
Zero point – Facebook Post
-
Statement from Mohammad Parvez
-
|