| schema:text
| - সম্প্রতি, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের ছবি ব্যবহার করে ‘ওসমান হাদীর কবরস্থানে অনির্দিষ্টকালের জন্য প্রবেশ নিষিদ্ধ’ শিরোনামে একটি ফটোকার্ড তার মন্তব্য দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে, এখানে, এখানে।
একই দাবি দেখুন টিকটকে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সালাহউদ্দিন আহমেদ এমন কোনো মন্তব্য করেননি এবং বিএনপি সরকারও এমন কোনো উদ্যোগ গ্রহণ করেননি। প্রকৃতপক্ষে, নির্ভরযোগ্য তথ্যসূত্র ছাড়াই একটি গণমাধ্যমের ফটোকার্ড সম্পাদনা করে নকল ফটোকার্ড তৈরি করে তার নামে ভুয়া মন্তব্য ছড়ানো হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে গণমাধ্যম বা অন্য কোনো নির্ভরযোগ্য সূত্রে সালাহউদ্দিন আহমেদের এমন মন্তব্যের কোনো প্রমাণ পাওয়া যায়নি। তার ফেসবুক পেজেও এ ধরনের বক্তব্যের অস্তিত্ব মেলেনি। পাশাপাশি, বিএনপি সরকার যদি এমন কোনো উদ্যোগ নিতো, তাহলে তা বিভিন্ন বিশ্বস্ত সূত্রে প্রতিবেদন আকারে প্রকাশিত হতো। তবে এ ক্ষেত্রে এমন কোনো তথ্য পাওয়া যায়নি।
এ বিষয়ে আরও অনুসন্ধানে, ১২ এপ্রিল দ্য বিজনেস স্ট্যান্ডার্ডে প্রকাশিত একটি ফটোকার্ডের সঙ্গে আলোচিত ফটোকার্ডের মিল পাওয়া যায়। উভয় ফটোকার্ডে সালাহউদ্দিন আহমেদের ছবি এবং পেছনের ব্যাকগ্রাউন্ড একই। তবে আলোচিত ফটোকার্ডে গণমাধ্যমটির লোগো ও প্রকাশের তারিখ মুছে ফেলা হয়েছে। মূল ফটোকার্ডের শিরোনামে লেখা রয়েছে, ‘আমিও গুমের শিকার ছিলাম, গুম প্রতিরোধে উন্নত আইন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী’।
ফটোকার্ডটির মন্তব্যঘরে থাকা বিস্তারিত প্রতিবেদন অনুযায়ী, সেদিন বিকেলে সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অন্তর্বর্তী সরকারের জারি করা এসব অধ্যাদেশে যা ছিল, তার সবকিছুই যে নির্ভুল ছিল তা নয়। আমি নিজেই গুমের শিকার হয়েছিলাম, তাই আমি বুঝি এর ভয়াবহতা। গুম প্রতিরোধে ভালো আইন করা হবে।’
ওই প্রতিবেদনে ওসমান হাদীর কবর বা কবরস্থানে প্রবেশ নিষিদ্ধ করা নিয়ে কোনো মন্তব্যের অস্তিত্ব পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত হতে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, সালাহউদ্দিন আহমেদ এমন কোনো মন্তব্য করেননি এবং বিএনপিও এমন কোনো উদ্যোগ গ্রহণ করেনি।
সুতরাং, ওসমান হাদির কবরস্থানে প্রবেশ নিষিদ্ধ সংক্রান্ত সালাহউদ্দিন আহমেদের মন্তব্য দাবিতে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।
তথ্যসূত্র
The Business Standard – Facebook Post
-
Statement from Sayrul Kabir Khan (Member, BNP Media Cell)
-
|