| schema:text
| - সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আসন্ন ঈদুল আযহা উপলক্ষে গরুর হাটের একটি ছবি প্রচার করা হয় যেখানে কয়েকজন সেনাসদস্যকে দায়িত্ব পালন করতে দেখা যায়। পোস্টটির ক্যাপশনে দাবি করা হয়, রাজধানীর গাবতলীতে গরুর হাট পাহারা দিচ্ছে সেনাবাহিনী।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বাংলাদেশ সেনাবাহিনীর গরুর হাট পাহারা দেওয়ার দাবিতে প্রচারিত ছবিটি বাস্তব কোনো ঘটনার নয়, বরং এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে জাতীয় দৈনিক ইত্তেফাকের ওয়েবসাইটে ২০২০ সালের ৩১ জুলাই প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদনে ব্যবহৃত ছবির সঙ্গে বর্তমানে প্রচারিত ছবিটির অনেকটাই সাদৃশ্য রয়েছে। অর্থাৎ, পুরোনো এই ছবিকে ভিত্তি হিসেবে ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় আলোচিত ছবিটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে আরও অনুসন্ধানে, গুগলের বিশেষ শনাক্তকরণ প্রযুক্তি SynthID ব্যবহার করা হয়। এই প্রযুক্তির মাধ্যমে এআই-নির্মিত ছবি, ভিডিও বা অডিওতে একটি অদৃশ্য জলছাপ সংযুক্ত থাকে, যা সাধারণভাবে চোখে দেখা না গেলেও নির্দিষ্ট টুলের মাধ্যমে শনাক্ত করা সম্ভব।
উক্ত ছবিটি সিন্থআইডি প্রযুক্তির সাহায্যে বিশ্লেষণ করে দেখা যায়, ছবিটির কিছু অংশ গুগল এআই ব্যবহার করে তৈরি বা পরিবর্তন করা হয়েছে।
তবে বর্তমানে প্রচারিত ছবিটি এআই দিয়ে সম্পাদিত হলেও, গত ৬ মে ঢাকা ট্রিবিউনের প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, এবারের পশুর হাটে পুলিশের পাশাপাশি বিজিবি, র্যাব ও সেনাবাহিনীও মাঠে থাকবে।
সুতরাং, গরুর হাটে সেনাবাহিনীর পাহারা দেওয়ার দাবিতে প্রচারিত ছবিটি বাস্তব নয়, এটি এআই প্রযুক্তির মাধ্যমে সম্পাদিত।
তথ্যসূত্র
Ittefaq – হাটে গরুর সংকট, গরু নিয়ে টানাটানি
-
SynthID
-
Dhaka Tribune – এবারের পশুর হাটে থাকবে সেনাবাহিনী, বিজিবিও
-
|