| schema:text
| - সম্প্রতি, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম “শেখ হাসিনাকে ফেরাতে ভারতের সঙ্গে কথা হয়েছে, রাষ্ট্রীয় মর্যাদা আনা হবে” শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে সংবাদভিত্তিক প্লাটফর্ম দেশ টিভির ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।
এরূপ দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, শামা ওবায়েদ ইসলামকে উদ্ধৃত করে “শেখ হাসিনাকে ফেরাতে ভারতের সঙ্গে কথা হয়েছে, রাষ্ট্রীয় মর্যাদা আনা হবে” শিরোনামে দেশ টিভির কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি এবং শামা ওবায়েদও এমন মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় দেশ টিভির ভিন্ন একটি ফটোকার্ড সম্পাদিত করে আলোচিত দাবি সংবলিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল দেশ টিভির লোগো এবং গণমাধ্যমটির ওয়েবসাইট ঠিকানার উল্লেখ পাওয়া যায়। এরই সূত্র ধরে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজ এবং ওয়েবসাইট পর্যবেক্ষণ করে প্রকাশিত এমন কোনো ফটোকার্ড পাওয়া যায়নি।
তবে, দেশ টিভির ফেসবুক পেজে গত ২৪ মার্চ শামা ওবায়েদ ইসলামের ছবি সংবলিত ‘’শেখ হাসিনাকে ফেরাতে ভারতের সঙ্গে কথা হয়েছে’’ শিরোনামে প্রচারিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়।
উক্ত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, আলোচিত ফটোকার্ডের সাথে উক্ত ফটোকার্ডের শিরোনাম ব্যতীত বাকি সকল উপাদানের মিল রয়েছে। দেশ টিভির মূল ফটোকার্ডটিতে ‘শেখ হাসিনাকে ফেরাতে ভারতের সঙ্গে কথা হয়েছে’ শীর্ষক বাক্য থাকলেও, প্রচারিত ফটোকার্ডে অতিরিক্তভাবে ‘রাষ্ট্রীয় মর্যাদা আনা হবে’ বাক্যটি যুক্ত করা হয়েছে।
অর্থাৎ, দেশ টিভির এই ফটোকার্ডটি সম্পাদনা করেই আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এছাড়া, অন্য কোনো সংবাদমাধ্যমেও আলোচিত দাবির সপক্ষে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
সুতরাং, শামা ওবায়েদ ইসলাম “শেখ হাসিনাকে ফেরাতে ভারতের সঙ্গে কথা হয়েছে” শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে দেশ টিভির নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।
তথ্যসূত্র
Desh TV- Facebook Post
-
Rumor Scanner’s analysis
-
|