| schema:text
| - আওয়ামী লীগের শাসনামলে গুম হওয়া বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী ও সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা অন্তর্বর্তীকালীন সরকারের সময় জারি করা গুম অধ্যাদেশ বাতিলের পক্ষে ভোট দিয়েছেন দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে একটি তথ্য প্রচার করা হয়েছে।
ফেসবুকে প্রচারিত এমন পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
এক্সে (সাবেক টুইটার) প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
থ্রেডসে প্রচারিত একই পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
একই দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত ভিডিও পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, গুম অধ্যাদেশ বাতিলের পক্ষে গুমের শিকার বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী ভোট দেওয়ার দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, ত্রয়োদশ জাতীয় সংসদের চলতি অধিবেশনে গুম অধ্যাদেশ উত্থাপনই করা হয়নি। তাই উক্ত অধ্যাদেশ বাতিলের পক্ষে ভোট দেওয়ার দাবিটি অবান্তর।
আলোচিত দাবিটির বিষয়ে অনুসন্ধানে গণমাধ্যম কিংবা অন্য কোনো নির্ভরযোগ্য সূত্রে তাহসিনা রুশদীর লুনার গুম অধ্যাদেশ বাতিলের পক্ষে ভোট দেওয়ার তথ্য পাওয়া যায়নি।
পরবর্তীতে গুম অধ্যাদেশের বিষয়ে অনুসন্ধানে জানা যায়, মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাষ্ট্রপতির জারিকৃত সর্বমোট ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ৯৮টি অধ্যাদেশ আইনে পরিণত করতে জাতীয় সংসদে বিল আকারে উপস্থাপনের সুপারিশ করা হয়েছে। বাকি ১৫টি অধ্যাদেশ সংশোধন করে বিল আকারে উপস্থাপনের সুপারিশ করা হয়েছে। আর গুম প্রতিরোধ ও প্রতিকারসহ ২০টি অধ্যাদেশ আপাতত আর আইনে রূপান্তর হচ্ছে না।
সংবিধানে বেঁধে দেওয়া সময়সীমায় (সংসদ বসার পর ৩০ দিনের মধ্যে) অনুমোদন না পাওয়ায় এই ২০টি অধ্যাদেশ স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে গেছে গত ১০ এপ্রিল।
তবে এ বিষয়ে সরকারের পক্ষ থেকে জানানো হয়, গুম প্রতিরোধ, পুলিশ কমিশন, দুর্নীতি দমন কমিশন (সংশোধন) অধ্যাদেশসহ যে ১৬ অধ্যাদেশ নির্ধারিত সময়ে সংসদে অনুমোদন বা অননুমোদন করা হয়নি, সেগুলো আরও যাচাই–বাছাই করে নতুন বিল আনা হবে। তবে তবে কোন বিল কবে আনা হবে, তা সুনির্দিষ্ট করে জানানো হয়নি।
অর্থাৎ, সংসদ অধিবেশনে যেখানে গুম অধ্যাদেশ উত্থাপনই করা হয়নি, সেখানে বাতিলের পক্ষে ভোট প্রদানের দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। বরং, সংসদে দাঁড়িয়ে তাহসিনা রুশদীরকে তার স্বামীর গুম হওয়ার বিষয়ে কথা বলতে দেখা যায়।
সুতরাং, গুম হওয়া বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী ও সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনার গুম অধ্যাদেশ বাতিলের পক্ষে ভোট প্রদানের দাবিটি সম্পূর্ণ মিথ্যা।
|