সম্প্রতি ‘৮-২-২০২৬। ১২ তারিখে নির্বাচন মানে না মানবো না নেমে গেলে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ রাজপথে’ শিরোনামে একটি শর্ট ভিডিও শেয়ারিং প্লাটফর্ম টিকটকে প্রচার করা হয়েছে৷
উক্ত দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)৷
এই প্রতিবেদন প্রকাশ হওয়া অবধি টিকটকে প্রচারিত সর্বাধিক ভাইরাল ভিডিওটি প্রায় ৬ লক্ষ ৫০ হাজার বার দেখা হয়েছে, এটিতে প্রায় ১৯ হাজার পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে এবং ভিডিওটি প্রায় ১৬ শত বার শেয়ার করা হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি গত ০৮ ফেব্রুয়ারিতে নির্বাচনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কার্যক্রমের দৃশ্য নয়। প্রকৃতপক্ষে, একাধিক ভিন্ন ঘটনার পুরোনো ভিডিও ফুটেজ সংযুক্ত করে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি তৈরি করা হয়েছে৷
এ বিষয়ে অনুসন্ধানে সমকালের ইউটিউব চ্যানেলে গত ০৬ ফেব্রুয়ারি ‘পুলিশের অ্যাকশনে শাহবাগ ছেড়ে গেল ইনকিলাব মঞ্চ’ শিরোনামে প্রকাশিত আলোচিত ভিডিওটির প্রথম ফুটেজের অনুরূপ একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওটির ক্যাপশন থেকে জানা যায়, এটি সেদিন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগে সংগঠনটির আন্দোলনরত নেতাকর্মীদের সাথে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার দৃশ্য।
পরবর্তীতে, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ নামক ফেসবুক পেজে ২০২৫ সালের ০৯ মার্চ প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর দৃশ্যাবলীর সাথে আলোচিত ভিডিওটির তৃতীয় ফুটেজটির সাদৃশ্য রয়েছে। উক্ত ভিডিওটির ক্যাপশন থেকে জানা যায়, এটি সেদিন রাতে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মশালমিছিলের দৃশ্য।
এছাড়া, আলোচিত ভিডিওতে আরেকটি ফুটেজও আছে যেখানে ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ায় আনন্দ মিছিল’ শীর্ষক ব্যানার লক্ষ্য করা যায়। উক্ত ফুটেজের মিছিলটি ২০২৩ সালের ১৫ নভেম্বর সন্ধ্যায় তফসিল ঘোষণার পর এটিকে স্বাগত জানিয়ে সংঘটিত কোনো মিছিলের দৃশ্য।
অর্থাৎ, আলোচিত ভিডিওতে সংযুক্ত কোনো ফুটেজের ঘটনা গত ০৮ ফেব্রুয়ারিতে ঘটেনি এবং এসব ঘটনার সাথে আসন্ন জাতীয় নির্বাচনের বিরোধিতার কোনো সম্পর্ক নেই৷
সুতরাং, আসন্ন নির্বাচনের বিরুদ্ধে ছাত্রলীগের কার্যক্রমের দৃশ্য দাবিতে একাধিক ভিন্ন ঘটনার পুরোনো ভিডিও ফুটেজ প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
Samakal – পুলিশের অ্যাকশনে শাহবাগ ছেড়ে গেল ইনকিলাব মঞ্চ
-
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন – Facebook Post
-
প্রথম আলো – ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মশালমিছিল
-
BSS News – তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে মিছিল করেছে আওয়ামী লীগ
-
বি.দ্র. নির্বাচনকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া অপতথ্য দ্রুত মোকাবেলার লক্ষ্যে এই প্রতিবেদনটি সংক্ষিপ্ত ফরমেটে প্রকাশ করা হয়েছে।