| schema:text
| - ঋণখেলাপীর তথ্য গোপন রাখার অভিযোগে কুমিল্লা-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। গত ১৭ জানুয়ারি বিকালে ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আপিল শুনানিতে তার মনোনয়নপত্র বাতিল করা হয়। এরপর গত ১৯ জানুয়ারি মঞ্জুরুল আহসান উক্ত সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন। এরই প্রেক্ষিতে, ‘কুমিল্লা- (৪) দেবিদ্বার আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়ন বৈধ- হাইকোর্ট’ শীর্ষক দাবিতে একটি তথ্য ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, হাইকোর্ট বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়ন বৈধ ঘোষণা করেননি বরং, মঞ্জুরুল আহসান মুন্সীর করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
অনুসন্ধানের শুরুতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে হাইকোর্ট কর্তৃক বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়ন বৈধ ঘোষণা করার সপক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি।
তবে, আজ (২১ জানুয়ারি) প্রথম আলোর ওয়েবসাইট “রিট সরাসরি খারিজ, কুমিল্লা–৪ আসনে লড়তে পারছেন না মঞ্জুরুল আহসান” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, প্রার্থিতা ফিরে পেতে মনোনয়নপত্র বাতিলের নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে কুমিল্লা–৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর করা রিট সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আজ (বুধবার) মঞ্জুরুল আহসানের করা রিটের শুনানি নিয়ে বিচারপতি রাজিক–আল–জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
একই তথ্যে সংবাদ প্রকাশ করেছে সমকাল, যুগান্তর, সময় টিভি, এখন টিভি, আজকের পত্রিকা সহ একাধিক গণমাধ্যম।
অর্থাৎ, মঞ্জুরুল আহসানের মনোনয়ন বৈধ নয় বরং, তার করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
সুতরাং, হাইকোর্ট বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন শীর্ষক দাবিটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
Prothom Alo- রিট সরাসরি খারিজ, কুমিল্লা–৪ আসনে লড়তে পারছেন না মঞ্জুরুল আহসান
-
Samakal- প্রার্থিতা ফিরে পেতে বিএনপির মঞ্জুরুল আহসানের রিট হাইকোর্টে খারিজ
-
Jugantor- হাইকোর্টেও কপাল পুড়ল বিএনপির প্রার্থী মঞ্জুরুলের
-
Somoy Tv- রিট খারিজ, নির্বাচন করতে পারবেন না বিএনপির মঞ্জুরুল আহসান
-
Ekhon Tv- প্রার্থিতা ফিরে পেতে মঞ্জুরুল আহসান মুন্সীর রিটের শুনানি কাল
-
Ajker Patrika- মঞ্জুরুল আহসান মুন্সীর রিট খারিজ, নির্বাচন করতে পারবেন না
-
|