বাংলাদেশের উচ্ছেদ অভিযানের ভিডিওকে ছড়ানো হচ্ছে পশ্চিমবঙ্গের বলে
বুম দেখে ভিডিওটি বাংলাদেশের যশোর জেলার একটি অবৈধ স্থাপনা ভাঙার দৃশ্য।
বুলডোজার (Bulldozer) দিয়ে বাড়ি উচ্ছেদের (demolition) সময় হিজাব পরিহিত এক মহিলাকে কাঁদতে দেখা যাচ্ছে এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে পশ্চিমবঙ্গের সাম্প্রতিক দৃশ্য বলে দাবি করা হচ্ছে।
বুম দেখে ভিডিওটি বাংলাদেশের যশোরে দেশের জাতীয় আবাসন কর্তৃপক্ষের দ্বারা মে মাসে পরিচালিত একটি উচ্ছেদ অভিযানের দৃশ্য।
পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) ক্ষমতায় আসার কয়েক সপ্তাহের মধ্যে, রাজ্যে অবৈধ স্থাপনার বিরুদ্ধে 'বুলডোজার অ্যাকশন' এর একাধিক ঘটনা রিপোর্ট করা হয়।
দাবি
ভিডিওটি শেয়ার করে তার ক্যাপশনে লেখা হচ্ছে, "পশ্চিমবঙ্গে অবৈধ (বাংলাদেশী) দখলদারদের বিরুদ্ধে বুলডোজার অভিযান [১৫ই মে, ২০২৬]"
পোস্টটি এখানে দেখুন এবং আর্কাইভটি দেখুন এখানে।
আমরা কি পেয়েছি:
১. ভিডিও রিপোর্ট বাংলাদেশ থেকে: আমরা প্রথমে যশোরে ২৬টি অবৈধ স্থাপনা ভাঙার সম্পর্কে বাংলায় একটি কীওয়ার্ড সার্চ করি এবং মে ১০, ২০২৬ তারিখে বাংলাদেশী সংবাদ মাধ্যম ডিবিসি নিউজের একটি ভিডিও রিপোর্ট পাই যেখানে ঐ একই দৃশ্য দেখা যায়। রিপোর্টে বলা হয়েছে যে উচ্ছেদ অভিযানের ঘটনাটি এই মাসের প্রথম দিকে বাংলাদেশে যশোরে ঘটে।
ভিডিও রিপোর্টের দীর্ঘ সংস্করণে দেখা যায় যে বাংলাদেশী পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন, যেখানে একজন কর্মকর্তা মিডিয়ার সাথে কথা বলে যশোরসহ বাংলাদেশে বিভিন্ন স্থানে অবৈধ সম্পত্তি উচ্ছেদের কথা উল্লেখ করেন।
২. যশোরে উচ্ছেদ অভিযান: বাংলাদেশী সংবাদ মাধ্যম জাগো নিউজ২৪ এবং ঢাকা ট্রিবিউন এর ১১ মে রিপোর্ট-এ বলা হয় যশোরে উচ্ছেদ অভিযানটি ১০ মে এবং ১১ মে বাংলাদেশের এনএইচএ কর্তৃক পরিচালিত হয়েছে।
রিপোর্ট অনুযায়ী, জাতীয় আবাসন কর্তৃপক্ষের খুলনা বিভাগের এক্সেকিউটিভ ইঞ্জিনিয়ার জিয়াউর রহমান বলেন প্রায় পাঁচ একর সরকারি খাস (রাষ্ট্রীয়) জমি, বর্তমানে যার মূল্য প্রায় ৫০ কোটি টাকা, দুই দিনের অভিযানের সময় উদ্ধার করা হবে। তিনি আরও বলেন যে সরকারি জমি পুনরুদ্ধারের জন্য একই ধরনের অভিযান নিয়মিতভাবে চলতে থাকবে।