| schema:text
| - সম্প্রতি ‘Viral Video of CRPF Personnel Performing Salah on Market Duty Wins Hearts.’ ক্যাপশনে একটি ভিডিও ইন্টারনেটের বিভিন্ন প্লাটফর্মে একাধিক ভারতীয় অ্যাকাউন্ট থেকে প্রচার করা হয়েছে। প্রচারিত ভিডিওটির ক্যাপশনে দাবি করা হয়, এটি একজন ভারতীয় সিআরপিএফ বাহিনীর সদস্যের দায়িত্বরত অবস্থায় নামাজ আদায়ের দৃশ্য।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)৷
উক্ত দাবিতে ইউটিউবে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
উক্ত দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি ভারতের সিআরপিএফ বাহিনীর সদস্যের নামায আদায়ের দৃশ্য নয় এবং ঘটনাটি ভারতে ঘটেনি৷ প্রকৃতপক্ষে, বাংলাদেশ সেনাবাহিনীর এক সদস্যের দায়িত্বরত অবস্থায় নামাজ আদায়ের ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে৷
এ বিষয়ে অনুসন্ধানে ইলেকট্রনিক গণমাধ্যম এনটিভিতে কর্মরত একজন সংবাদকর্মীর Fahad Bhuiyan নামক ফেসবুক প্রোফাইলে গত ১৮ জানুয়ারি প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির সাদৃশ্য রয়েছে।
উক্ত ভিডিওটির ক্যাপশনে পোস্টদাতা সংবাদকর্মী ঘটনারটির প্রত্যক্ষদর্শী হিসেবে জানান, এটি গত ১৮ জানুয়ারির ঘটনা, সেদিন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আসন্ন নির্বাচনের প্রস্তুতিমূলক কার্যক্রমের একাধিক বিষয়ের প্রতিবাদে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবন ঘেরাও করে। উল্লিখিত ঘটনাস্থলে পোস্টদাতা ব্যক্তি সংবাদকর্মী হিসেবে কর্মরত ছিলেন এবং প্রচারিত ভিডিওটির সেনাসদস্য সেখানে আইনশৃঙ্খলার দায়িত্বে ছিলেন৷ ঘটনার সময়ে জোহরের নামাযের ওয়াক্তে ওই সেনাসদস্য একটি চেয়ার সংগ্রহ করে সেখানে নামায আদায় করেন।
অর্থাৎ, প্রচারিত ভিডিওর ঘটনাটি বাংলাদেশে ঘটেছে।
পরবর্তীতে, এ বিষয়ে বাংলাদেশের একাধিক গণমাধ্যমে (১, ২, ৩, ৪) প্রকাশিত ভিডিও প্রতিবেদন থেকেও একই তথ্য জানা যায়।
উল্লেখ্য, CRPF বা Central Reserve Police Force ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে একটি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী । সিআরপিএফ রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে আইনশৃঙ্খলা এবং অভ্যন্তরীণ নিরাপত্তা বজায় রাখতে সহায়তা করে । এটি কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী (নিয়মিত) এবং কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী (সহায়ক) নিয়ে গঠিত।
সুতরাং, ভারতের সিআরপিএফ সদস্যের দায়িত্বরত অবস্থায় নামাজ আদায়ের দৃশ্য দাবিতে বাংলাদেশে সেনা সদস্যের দায়িত্বরত অবস্থায় নামাজ আদায়ের ভিডিও প্রচার করা হয়েছে; যা মিথ্যা৷
তথ্যসূত্র
Fahad Bhuiyan – Facebook Post
-
NTV News – নির্বাচন কমিশনের সামনে দায়িত্বরত অবস্থায় নামাজ আদায় করলেন সেনা সদস্য
-
Ekattor TV – ডিউটিরত অবস্থায় রাস্তায় নামাজ আদায় করছেন সেনা সদস্য
-
Bangla Tribune – নির্বাচন কমিশনের সামনে দায়িত্ব পালনের সময় রাস্তায় নামাজ পড়লেন সেনা সদস্য
-
Jugantor – Facebook Post
-
|