চলমান ইসরায়েল-ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের প্রেক্ষাপটে ‘ইরানের আকাশে সিজ্জিল মিসাইল’ শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে।
একই দাবিতে ইউটিউবে প্রচারিত পোস্ট দেখুন: এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ভিডিওটি ইসরায়েল-ইরান-যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতের নয়; এটি ২০২৫ সালের পুরোনো একটি ভিডিও।
ভিডিওটি নিয়ে অনুসন্ধানে রাশিয়ার রাষ্ট্র-সমর্থিত আন্তর্জাতিক সংবাদমাধ্যম রাশিয়ান টুডে (আরটি)-এর এক্স অ্যাকাউন্টে ২০২৫ সালের ১৮ জুলাই প্রকাশিত একই ভিডিও পাওয়া যায়। পোস্টটির ক্যাপশনে বলা হয়, পৃথিবীর বায়ুমণ্ডল পেরিয়ে আকাশে উঠে যাওয়া ইরানের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আরেকটি বিস্ময়কর দৃশ্য এটি। ধারণা করা হচ্ছে, তেহরান সম্ভবত নতুন ধরনের সামরিক প্রযুক্তি ব্যবহার করে এই ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করেছে।
পরদিন (১৯ জুলাই) ভারতে ইরানের দূতাবাসের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টেও এ সংক্রান্ত একটি পোস্ট পাওয়া যায়। পোস্টটিতে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর ২০২৫ সালের ১৮ জুলাইয়ের একটি বিবৃতি সংযুক্ত রয়েছে। বিবৃতিতে বলা হয়, “অপারেশন ‘ট্রু প্রমিস-৩’-এর দ্বাদশ ধাপ শুরু হয়েছে অতিভারী, দূরপাল্লার, দুই ধাপবিশিষ্ট সিজ্জিল ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের মাধ্যমে। কঠিন জ্বালানিচালিত এবং দীর্ঘ পাল্লার সক্ষমতাসম্পন্ন সিজ্জিল ক্ষেপণাস্ত্রগুলো ইরানের সবচেয়ে নির্ভুল ও শক্তিশালী কৌশলগত অস্ত্রগুলোর মধ্যে অন্যতম। এগুলো শত্রুপক্ষের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু ভেদ করে ধ্বংস করার সক্ষমতা রাখে।”
উক্ত পোস্টে আলোচিত ভিডিওর সঙ্গে সঙ্গতিপূর্ণ একটি ছবিও যুক্ত রয়েছে।
অর্থাৎ, আলোচিত ভিডিওটি সাম্প্রতিক সংঘাতের নয়; বরং এটি ২০২৫ সালের পুরোনো একটি দৃশ্য।
উল্লেখ্য, চলমান সংঘাতের সময় গত ২৮ ফেব্রুয়ারি তেহরানের আকাশে আলোচিত ভিডিওর সঙ্গে সাদৃশ্যপূর্ণ একটি ক্ষেপণাস্ত্র দেখা যাওয়ার তথ্য পাওয়া যায়। তবে দুইটি ভিডিও ভিন্ন।
সুতরাং, ২০২৫ সালের একটি পুরোনো ভিডিওকে চলমান সংঘাতের প্রেক্ষাপটে ইরানের আকাশে ‘সিজ্জিল’ মিসাইলের দৃশ্য দাবি করে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
RT: X Post
-
Iran in India: X Post
-
GMA News: TikTok Post
-